তিস্তা টিভি ডেস্ক
জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়ে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন কুমিল্লার মনোহরগঞ্জের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা। সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে রোববার (২৮ জুন) অনুষ্ঠিত এই সফরে অংশ নেন ৬৫ শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক।
পরিদর্শনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং সৃজনশীল কাজে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
এই সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সেলফিও তোলেন, যা মুহূর্তেই আনন্দ ও উচ্ছ্বাসে ভরিয়ে তোলে পুরো দলকে। শিক্ষার্থীরা এই অভিজ্ঞতাকে তাদের জীবনের অন্যতম স্মরণীয় অর্জন হিসেবে উল্লেখ করেন।
পরিদর্শনে অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো— মনোহরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ, নীলকান্ত সরকারি কলেজ, নাথের পেটুয়া ডিগ্রি কলেজ এবং শাহ শরীফ ডিগ্রি কলেজ।
এর আগে শিক্ষার্থী ও শিক্ষকরা সংসদ ভবনে পৌঁছে এলডি হল ঘুরে দেখেন। তারা বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত এই স্থাপনার নান্দনিক সৌন্দর্য ও স্থাপত্যশৈলী কাছ থেকে উপভোগ করেন।
সফরের অংশ হিসেবে তারা চলমান বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন এবং সংসদের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশ যেমন উত্তর ও দক্ষিণ প্লাজা, ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সমৃদ্ধ সংসদ গ্রন্থাগার পরিদর্শন করেন।
পুরো সফরজুড়ে শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, যা তাদের জন্য এক শিক্ষণীয় ও স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।
Leave a Reply