তিস্তা টিভি ডেস্ক
বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জঁ-মার্ক সেরে-শার্লেটে। এ সময় দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাচি এমিলি পালাউয়ান।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপট, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়েও মতবিনিময় হয়।
দুই পক্ষই বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বিদেশি বিনিয়োগ আকর্ষণে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতি দমন ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে আইনের শাসন প্রতিষ্ঠা ও একটি স্থিতিশীল বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও অবকাঠামো খাতে ফ্রান্সের অব্যাহত সহযোগিতা বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে পারে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়ন, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক অগ্রগতিতে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
দুই পক্ষই বৈঠক শেষে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply