1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 14, 2026, 10:33 am

রৌমারীতে সীমান্ত দিয়ে পুশইন ব্যর্থ, বাধা দিল বিজিবি ও গ্রামবাসী

Reporter Name
  • Update Time : Sunday, June 14, 2026
  • 19 Time View

জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বংশিরচর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয় গ্রামবাসীর সক্রিয় প্রতিরোধের কারণে ওই চেষ্টা সফল হয়নি।

রোববার (১৪ জুন) সকালে উপজেলার ২ নম্বর শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া–বংশিরচর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পুশইনের জন্য আনা ওই ছয়জন বর্তমানে সীমান্তের শূন্য রেখার কাছাকাছি ভারতের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন।

পুশইনের মুখে পড়া ওই দলে ২ জন শিশু, ১ জন নারী এবং ৩ জন যুবক রয়েছেন বলে জানা গেছে। এ খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গয়টাপাড়া বিওপি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান নেন। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা লাঠিসোটা নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান গ্রহণ করেন এবং সম্ভাব্য পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করেন।

স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বলেন, “সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে ঠেলে দেওয়ার ঘটনা নিয়ে আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। তাই যে কোনো পরিস্থিতি মোকাবিলায় গ্রামবাসী ও বিজিবি একসঙ্গে প্রস্তুত রয়েছে।”

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও জানানো হয়।

গয়টাপাড়া বিওপি ক্যাম্পের হাবিলদার মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

স্থানীয়দের সহযোগিতায় বিজিবি সতর্ক অবস্থানে থাকায় শেষ পর্যন্ত পুশইন চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে পুরো সীমান্ত এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV