নওগাঁয় মাদ্রাসা কমিটি স্থগিতের দাবিতে অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন
Reporter Name
Update Time :
Monday, May 18, 2026
13 Time View
মোঃ রেজাউল করিম রাকিব, বিশেষ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলায় মাতাসাগর ইয়ারউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ‘পকেট কমিটি’ গঠন ও একতরফা প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেছে অভিভাবক ও এলাকাবাসী। সোমবার (আজ) বেলা ১১টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে আন্দোলনকারীদের পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।
অভিযোগে বলা হয়, মাদ্রাসাটির সাবেক সুপার মামুনুর রশিদ এবং অফিস সহকারী আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে কোনো ধরনের নির্বাচন ছাড়াই নিজেদের ইচ্ছামতো কমিটি গঠন করে আসছেন। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে প্রায় ৫ লাখ টাকার আর্থিক অনিয়মের তদন্ত চলমান রয়েছে বলেও দাবি করেন অভিভাবকরা।
বর্তমান ভারপ্রাপ্ত সুপার মো. আফছার আলী দেওয়ান ও তার ঘনিষ্ঠ আত্মীয় (অফিস সহকারী) আব্দুল লতিফ পূর্বের অনিয়ম আড়াল করতে আবারও গোপনে এবং ভোটারবিহীনভাবে কমিটি গঠনের চেষ্টা করছেন—এমন অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা।
তাদের দাবি, সাধারণ অভিভাবক ও ভোটারদের সম্পূর্ণ অন্ধকারে রেখে একটি ‘একতরফা কমিটি’ গঠনের প্রক্রিয়া চলছে, যা শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। তারা অবিলম্বে এ প্রক্রিয়া স্থগিত করে নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের আহ্বান জানান।
অভিভাবক ইমরানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক সাব্বির, সাজ্জাদ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের এক নারী সদস্যসহ অনেকে। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা না থাকলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তাই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply