তিস্তা নিউজ ডেস্ক
বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওড়াঞ্চলের কৃষকদের জন্য সরকার বিশেষ সহায়তা কর্মসূচি চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, আগামী ৬ মে থেকে কার্ডের মাধ্যমে তিন মাস ধরে ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্য সহায়তার পাশাপাশি নগদ অর্থ প্রদান করা হবে।
রোববার (৩ মে) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এ সময় দরিদ্র ও অসহায় পরিবারের টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের যাকাতভিত্তিক উদ্যোগ ‘সম্বল’ প্রকল্পের চলতি বছরের কার্যক্রমও উদ্বোধন করা হয়।
মন্ত্রী বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, সিলেটসহ বিস্তীর্ণ হাওড়াঞ্চলের লাখো হেক্টর জমির ধানসহ ফসল পানিতে তলিয়ে গেছে। এতে হাজার হাজার কৃষক চরম ক্ষতির মুখে পড়েছেন এবং অনেক পরিবার অসহায় অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার দ্রুত উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। একটি নির্ধারিত কার্ডের মাধ্যমে প্রতিমাসে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে, যা আগামী তিন মাস অব্যাহত থাকবে।
ত্রাণমন্ত্রী বলেন, আগামী ৬ মে সুনামগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা কার্যক্রম শুরু হবে। ধাপে ধাপে অন্যান্য ক্ষতিগ্রস্ত জেলাতেও এ কার্যক্রম সম্প্রসারিত করা হবে। কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ও আলাদা উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি জানান।
তিনি আশ্বস্ত করে বলেন, সরকার হাওড়াঞ্চলের মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায় পরিবারগুলোর জন্য সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
Leave a Reply