তিস্তা নিউজ ডেস্ক
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, দেশে ভোজ্যতেলের বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৯ টাকা করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, বিশ্ববাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব দেশের বাজারে পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে ভবিষ্যতেও বাজার পরিস্থিতি অনুযায়ী আরও সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন এই মূল্য তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
Leave a Reply