1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 9, 2026, 12:29 pm

৭০ ভাগ জনমত উপেক্ষা করছে সরকার: গোলাম পরওয়ার

Reporter Name
  • Update Time : Saturday, May 9, 2026
  • 18 Time View

জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকার জনগণের মতামত ও গণভোটের রায়কে যথাযথ গুরুত্ব না দিয়ে বৈষম্যমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। একইসঙ্গে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৯ মে) সকালে সৈয়দপুর বিমানবন্দর এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং জনগণও সেই প্রত্যাশা থেকে ভোট দিয়েছিল। কিন্তু এখন সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটের রায়ের প্রতিফলন ঘটাচ্ছে না।

তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গিয়ে দেশের প্রায় ৭০ ভাগ মানুষের মতামতকে উপেক্ষা করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার পরিবর্তে দলীয় দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দেওয়া হচ্ছে।”

উন্নয়ন কার্যক্রম নিয়েও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তার অভিযোগ, দেশের উন্নয়ন পরিকল্পনায় আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা হচ্ছে না। তিনি বলেন, “একটি নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়, নতুন উপজেলা ও আন্তর্জাতিক বিমানবন্দরের মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। অথচ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলও সমান উন্নয়ন পাওয়ার অধিকার রাখে।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী উন্নয়নের বিরোধিতা করে না; বরং টেকসই ও সমতাভিত্তিক উন্নয়ন চায়। উন্নয়ন কর্মকাণ্ডে রাজনৈতিক বিবেচনা বা দলীয় এমপিদের প্রভাব নয়, বরং জাতীয় স্বার্থ ও জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবি জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, উত্তরাঞ্চলের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এটি।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, “যারা একসময় স্বাধীন সাংবাদিকতার জন্য আন্দোলন করেছে, তারাই এখন অনেক গণমাধ্যম নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। সরকারের সমালোচনা করলেই সাংবাদিকদের হেনস্তা ও চাকরিচ্যুত করার ঘটনা ঘটছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।”

এর আগে সকালে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান জামায়াতের এই নেতা। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও সহ-সভাপতি গোলাম রব্বানী।

বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় জামায়াত নেতারা। পরে তারা পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন। সফরকালে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV