ফরহাদ ইসলাম নিজস্ব প্রতিনিধিঃ(নীলফামারী)
নীলফামারীর জলঢাকায় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির সাধারণ সম্পাদক ও পারফেক্ট ট্রাভেলস ও জলঢাকা ট্রাভেলস এর মালিক পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (৩০ মে) দুপুর ১২ টায় জলঢাকা বাসটার্মিনাল সংলগ্ন অফিস কক্ষে পরিবহন মালিকের উপর হয়রানি,অবৈধ চাঁদা আদায়,সাধারণ শ্রমিকদের মারধর এবং ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা মানহানীকর বক্তব্যের প্রতিবাদে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং-২২০) সাধারণ সম্পাদক আব্দুর রশিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন পারফেক্ট ট্রাভেলস ও জলঢাকা ট্রাভেলস এর ব্যবস্হাপনা পরিচালক মাজারুল ইসলাম মিঠুন। সংবাদ সম্মেলনে মাজারুল ইসলাম মিঠুন উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য লিখিত বক্তব্যে বলেন,আব্দুর রশিদ তার ব্যক্তিগত প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে আমার ব্যবসায়িক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন। এর অংশ হিসেবে গত কয়েকদিন পূর্বে আমার একটি গাড়ি কোনো প্রকার বৈধ লিখিত নির্দেশনা ছাড়াই শ্রমিক ইউনিয়নের অফিস কার্যালয়ে আটক করে আমাকে জানানো হয় যে,নির্দিষ্ট রুটে গাড়ি পরিচালনা করতে হলে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে। আমি তার দাবী মেনে নিতে অস্বীকৃতি জানালে আমার পরিবহন ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি। সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উক্ত ঘটনার তদন্ত পূর্বক বিচার দাবী জানান পরিবহন মালিক মাজারুল ইসলাম মিঠুন। অপরদিকে একই দিন বিকেল ৩ টায় মিথ্যা,বানেয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করায় প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন জলঢাকা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির অফিস কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রশিদ বলেন,আমি দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার আদায়,কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করে আসছি। আমার সামাজিক ও সাংগঠনিক অবস্থান ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তাদের উত্থাপিত অভিযোগের সাথে বাস্তবতার কোন মিলে নেই। মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে সম্মানহানি করার যে অপচেষ্টা চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এ সময় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি,সাধারণ সম্পাদকসহ উপ-কমিটির সভাপতি মমিনুর রহমান উপস্থিত ছিলেন।
Leave a Reply