নিজস্ব প্রতিনিধি,
আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে নীলফামারীতে নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ কর্মসূচির আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানিতে দ্রুত রূপান্তরের দাবি জানান। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই জ্বালানি ব্যবস্থার বিকল্প নেই।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি মো. আকতারুল আলম। সমাবেশে বক্তৃতা করেন সংগঠনটির সাবেক সভাপতি তাহমিনুল হক ববী এবং টিআইবির এলাকা সমন্বয়কারী মো. আসাদুজ্জামানসহ অন্যরা।
বক্তারা বলেন, জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহির অভাবের কারণে সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছে। তারা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সৌর ও বায়ু শক্তির মতো পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। মানববন্ধন ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
Leave a Reply