নিজস্ব প্রতিনিধি,
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে নীলফামারী সার্কিট হাউস মিলনায়তনে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এ কর্মশালার মূল লক্ষ্য ছিল সাংবাদিকতার নৈতিকতা জোরদার, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আচরণবিধি প্রতিপালন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নারিুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো. বায়েজীদ হোসেন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন এবং সাংবাদিকদের জন্য প্রযোজ্য আচরণবিধি ব্যাখ্যা করেন।
এছাড়া প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কর্মশালার শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় নীলফামারী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।









Leave a Reply