মোঃ মোনাব্বেরুল হক প্রতিনিধি, নীলফামারী জেলা
জলঢাকা উপজেলায় প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক হাসানুর কবীর মেহেদীর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় জলঢাকা প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ কামারুজ্জামান। প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান কবীর লেলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান লেবু এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ আবেদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোঃ মাইদুল হাসান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, হাসানুর কবীর মেহেদী ছিলেন একজন সৎ, সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক। দীর্ঘদিন ধরে তিনি জলঢাকায় সাংবাদিকতা পেশায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর পেশাগত দক্ষতা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার সাহসিকতা তাঁকে সবার কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।
দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত সবাই গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান, তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
Leave a Reply