মোঃ মোনাবেরুল হক, বিশেষ প্রতিনিধি, নীলফামারী
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১২ দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) জলঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ইশতেহার প্রকাশ করা হয়।
ইশতেহার ঘোষণাকালে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি জলঢাকা উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বাস্তবভিত্তিক ও টেকসই পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হলে জলঢাকাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষি খাতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের কথাও তিনি উল্লেখ করেন।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক প্রভাষক সাদের হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি তাজমুল হাসান সাগর।
এছাড়াও উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা নায়েবে আমীর ও নির্বাচনী প্রধান এজেন্ট কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, উপজেলা আইন সম্পাদক ওমর ফারুক (এমএসসি)সহ বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে। এই ইশতেহার বাস্তবায়িত হলে জলঢাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। শেষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়।
Leave a Reply