নিজস্ব প্রতিনিধি,
নীলফামারীতে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে ভোটারদের সরাসরি প্রশ্নোত্তর পর্বে সদর আসনের ছয় প্রার্থী উন্নয়নের পাশাপাশি জেলাটিকে একটি নিরাপদ ও আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এ অনুষ্ঠানে প্রার্থীরা তাদের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা উপস্থিত থেকে প্রার্থীদের কাছে সরাসরি প্রশ্ন করেন। প্রার্থীরা উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন।
সুজন আঞ্চলিক সমন্বয়কারী রাজেস দে’র সঞ্চালনায় আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন নীলফামারী জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য দেন সুজন নীলফামারীর সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম প্রধান।
ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন তাঁর ছয় মিনিটের বক্তব্যে বলেন, নির্বাচিত হলে নীলফামারীকে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ এবং দেশের একমাত্র নিরক্ষরমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবেন। তিনি বলেন, জেলার অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও বেকার সমস্যা সমাধানই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।
তিনি আরও জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বেজা ও বেপজার সম্প্রসারণ, হাইটেক পার্ক ও বিসিক শিল্পনগরী স্থাপন, সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ, জেলা সদরে ও বাইপাস এলাকায় ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ নীলফামারীকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, নীলফামারীকে একটি উন্নত ও আত্মনির্ভরশীল জেলা হিসেবে গড়ে তুলতে চান তারা। তিনি বলেন, জেলা হিসেবে নীলফামারী এখনও নানা দিক থেকে পিছিয়ে রয়েছে। সম্ভাবনাময় এ জেলার অর্থনীতির চাকা সচল রাখতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। কৃষিভিত্তিক ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও জানান তিনি।
এ ছাড়া হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাছিবুল ইসলাম, দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সারোয়ারুল আলম, টেলিভিশন প্রতীকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম এবং ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ ভোটারদের উদ্দেশ্যে তাদের বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানের একপর্যায়ে ভোটারদের সরাসরি প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা। শেষে ভোটার ও প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন, সহিংসতামুক্ত পরিবেশ এবং উন্নয়নমূলক রাজনীতির অঙ্গীকার ও শপথ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রার্থীরা ভোটারদের সঙ্গে হাত উঁচিয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
Leave a Reply