মোঃ এমদাদুল হক, নীলফামারী
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি দেখতে পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তাঁরা।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে ইউনিয়নের কেয়ার বাজার এলাকায় এ কার্যক্রম শুরু হয়। গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরিদর্শনকালে রেজাউল করিম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তাঁরা কাজ করছেন বলেও জানান তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে রেজাউল করিম বলেন, ১৯৮৮ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরে ১৯৯৬ সালে যুবদলে যুক্ত হন এবং ২০০৩ সালে গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দল তাঁর কাজ ও যোগ্যতা বিবেচনা করে মনোনয়ন দিলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি গোলমুন্ডা ইউনিয়নে বিএনপিকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে তাঁরা সচেষ্ট রয়েছেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে রেজাউল করিমকে সমর্থন দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, দলীয় মনোনয়ন পেলে সবাই ঐক্যবদ্ধভাবে প্রার্থীর পক্ষে কাজ করবেন।
এ সময় মৎস্যজীবী দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
পরে নেতাকর্মীরা গোলমুন্ডা ইউনিয়নের পাঁচটি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
Leave a Reply