নীলফামারী প্রতিনিধি:
“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন (আইকেএফ)।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কালেক্টর পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) নীলফামারী জেলা শাখার সভাপতি জনাব আখতারুল হোসেন রাজু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন (আইকেএফ) এর মুখপাত্র জনাব আখতারুজ্জামান খান এবং সহ-মুখপাত্র জনাব আবু হামজালা শরীফ।
এসময় আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব সাদিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ সামিউল ইসলাম সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব সাদিকুল ইসলাম। তিনি বলেন, বৃক্ষ আমাদের প্রকৃতির বন্ধু। জলবায়ু পরিবর্তনের এই সময়ে শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া মানে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়া। এমন মহতী উদ্যোগের জন্য তিনি আইকেএফ-কে ধন্যবাদ জানান।
প্রধান আলোচকের বক্তব্যে জনাব আখতারুল হোসেন রাজু বলেন, “তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করে গড়ে তুলতে হবে। একটি গাছ কাটলে, দুটি গাছ লাগানোর মানসিকতা তৈরি করতে হবে।”
ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের মুখপাত্র জনাব আখতারুজ্জামান খান তার বক্তব্যে বলেন, “ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়, এটি একটি মানবিক আন্দোলন। আমরা বিশ্বাস করি, পরিবেশের ইনসাফ নিশ্চিত না হলে মানবতার ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠান প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় এবং পরে উপস্থিত সকল শিক্ষার্থী ও অতিথিদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কালেক্টর পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব সাদিকুল ইসলাম।
Leave a Reply