মোঃ এমদাদুল হক, তিস্তা টিভি ,
নীলফামারীর জলঢাকা উপজেলায় গোলমুন্ডা বাজার থেকে নাড্ডাপাড়া পর্যন্ত সড়ক পাকাকরণ কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন ওঠায় নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর পরামর্শে সড়কটির নির্মাণকাজ পরিদর্শন করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।পরিদর্শনকালে সড়ক নির্মাণকাজে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয় বলে জানান পরিদর্শনে অংশ নেওয়া নেতৃবৃন্দ। এ সময় তাঁরা নির্মাণকাজের মান ও বিভিন্ন অসংগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরে বিষয়গুলো সম্পর্কে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তাঁরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ মোয়াম্মার আল হাসান, উপজেলা সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম এবং উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা তোজাম্মেল হোসেন।
আলোচনায় এলজিইডি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আগামী রবিবার সরেজমিনে সড়কটির নির্মাণকাজ পরিদর্শন করা হবে। এ সময় উত্থাপিত অভিযোগ ও সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই করে দেখা হবে বলে জানানো হয়।
স্থানীয় জনগণের চলাচলের সুবিধা নিশ্চিত করতে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তাই নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের মান, কাজের নির্ধারিত নকশা ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করা জরুরি।
সড়ক নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পরিদর্শনে অংশ নেওয়া নেতৃবৃন্দ।
এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শন ও যাচাইয়ের মাধ্যমে সড়ক নির্মাণকাজের প্রকৃত চিত্র উঠে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
Leave a Reply