নীলফামারী প্রতিনিধিঃ
মাদক, কিশোর গ্যাং, প্রেমের মোহে ঘর ছাড়া এবং শিশু-কিশোর সম্পৃক্ত অপরাধ দমনে নীলফামারী জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে এবং জেলা শিক্ষা অফিসের সহায়তায় জেলার ষষ্ঠ শ্রেণি থেকে তদূর্ধ্ব পর্যায়ের ৬ শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসায় পর্যায়ক্রমে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নের বেলতলী বাজার সংলগ্ন মুশরত গোড়গ্রাম দুকুড়ী রামকলা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ ফারহাদ হোসেন খাঁন।এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান । পুরো কার্যক্রমটির পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন নীলফামারী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,শিক্ষক, কর্মচারী, অভিভাবক ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী এবং পুলিশ ও শিক্ষা অফিসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা, প্রেমের মোহে পালিয়ে যাওয়ার পরিণতি, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, ইভটিজিং, সাইবার ক্রাইম এবং আত্মহত্যা প্রতিরোধে নানা দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। একই সাথে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, শিশু-কিশোরদের নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও পুলিশের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। পর্যায়ক্রমে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই বিট পুলিশিং সভা পরিচালনা করা হবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
Leave a Reply